লেবাননে নিখোঁজ এক বাংলাদেশির লাশ উদ্ধার, আরেকজন ‘ধ্বংসস্তূপের নিচে’

লেবাননের ধ্বংসস্তূপ । ছবিঃ সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিখোঁজ থাকা দুই বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনের মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দূতাবাসের তথ্যমতে, গত ১১ মে রাতে নাবাতিয়া অঞ্চলের মাইফাদুন এলাকায় তাদের আবাসস্থলে এই ড্রোন হামলা চালানো হয়। এতে সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস ও নরসিংদীর করিম মিয়া নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
লেবানিজ সেনাবাহিনী ও রেডক্রসের সহায়তায় বুধবার ঘটনাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। সেখানে বসবাসরত আরেক বাংলাদেশি প্রবাসী রাজিব মরদেহটি শ্রী শুভ কুমার দাসের বলে শনাক্ত করেন। মরদেহটি বর্তমানে নাবাতিয়া নাজদ হাসপাতালে রাখা আছে।
এদিকে একই হামলায় নিখোঁজ থাকা করিম মিয়ার মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে, তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তবে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে উদ্ধার অভিযান পুরোপুরি সম্পন্ন করা যায়নি বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
এর আগে গত সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ওই ড্রোন হামলার পর দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া যায়। সর্বশেষ নিশ্চিত তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা আরও বেড়েছে। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









