পশ্চিমবঙ্গে শুরু ‘বুলডোজার অভিযান’

কলকাতার একটি বাড়িতে অবৈধভাবে তৈরি কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো শুভেন্দু প্রশাসন। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের অধীনে শুরু হয়েছে কথিত ‘বুলডোজার অভিযান’। রাজধানী কলকাতার তপসিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই একটি অবৈধ চামড়া কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, বহুতল ভবনটিতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং এটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাটিকে কেন্দ্র করে কঠোর অবস্থান নেন। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা বিধি উপেক্ষা করে পরিচালিত এ ধরনের অবৈধ স্থাপনা জনজীবনের জন্য বড় ঝুঁকি। এরপরই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।
পুলিশের উপস্থিতিতে ভবনটি খালি করে দ্রুত উচ্ছেদ অভিযান চালায় কলকাতা পৌরসভা। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, সেগুলোকে প্রথমে নোটিশ দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তবে নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিজেপি নেতা যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে দল ক্ষমতায় এলে ‘বুলডোজার নীতি’ বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়েছিলেন। নতুন বিজেপি সরকার বলছে, রাজ্যের কোথাও অবৈধ নির্মাণ বা ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করাসহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
তবে বিরোধী দলগুলো এ অভিযানের সমালোচনা করেছে। তাদের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত ভবন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অসাংবিধানিক এবং আইনের শাসনের পরিপন্থী।
প্রাইমটিভি/এমএইচ










