ইরান যুদ্ধ থামাতে চীনের সহায়তা চাইলেও স্পষ্ট আশ্বাস পেলেন না ট্রাম্প

শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্প | ছবি- সংগৃহীত
ইরান যুদ্ধ বন্ধে চীনের কাছ থেকে কার্যকর সহযোগিতা পাওয়ার আশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং সফরে তিনি দেখতে চেয়েছিলেন, ইরানের সবচেয়ে বড় তেল ও গ্যাস ক্রেতা হিসেবে চীন কি তেহরানের ওপর প্রভাব খাটিয়ে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে কিনা।
এছাড়া গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি খোলা রাখতে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়েও ওয়াশিংটনের আগ্রহ ছিল। তবে সফর শেষে এখনো পর্যন্ত কোনো লিখিত প্রতিশ্রুতি বা স্পষ্ট সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি।
চীনে অবস্থানকালে এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার বিশ্বাস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চান যুদ্ধ দ্রুত শেষ হোক। ট্রাম্পের ভাষায়, শি শান্তিপূর্ণ সমাধানের পক্ষপাতী।
তবে একই সময়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে জানায়, এই যুদ্ধের সূত্রপাতই হওয়া উচিত ছিল না এবং সমস্যার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে, নতুন সংঘাত সৃষ্টি করে নয়।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, শি জিনপিং ইরান সংকট সমাধানে সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চীনের কাছে এমন কোনো সহায়তা চায়নি।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশই একমত যে হরমুজ প্রণালি খোলা রাখা জরুরি এবং ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চীন ওই প্রণালিতে সামরিকীকরণ বা চলাচলে টোল আরোপের বিরোধিতা করে।
তবে চীনের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এসব নতুন দিক তেমন গুরুত্ব পায়নি। ফলে বিশ্লেষকদের মতে, জ্বালানি ও বাণিজ্য সহযোগিতার সম্ভাবনা থাকলেও ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের এই সফর এখনো বড় কোনো কূটনৈতিক অগ্রগতি এনে দিতে পারেনি।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









