পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)। তাদের হিসাব অনুযায়ী, ওই দিন চাঁদ দেখা গেলে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা ২৭ মে (বুধবার) উদযাপিত হতে পারে।

আইএসি’র জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের নতুন চাঁদ পর্যবেক্ষণের প্রস্তুতি নেবে। সেদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে।

প্রতিবেদনে আরও জানানো হয়, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চল থেকে খালি চোখেও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিদদের গাণিতিক হিসাব অনুযায়ী, ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে ২৭ মে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার মাধ্যমে।

সাধারণত ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বব্যাপী ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে।

প্রাইমটিভি/এমএইচ