পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের অধীনে শুরু হয়েছে আলোচিত ‘বুলডোজার অভিযান’।সম্প্রতি কলকাতার তপসিয়া এলাকায় একটি অবৈধ চামড়া কারখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করল শুভেন্দু প্রশাসন।

 অভিযানের কয়েক ঘণ্টা আগে ওই কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার পর ভবনটি অবৈধভাবে নির্মিত এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা ভেঙে ফেলার নির্দেশ দেন। পুলিশ ও কলকাতা পৌরসভার উপস্থিতিতে দ্রুত কাঠামোটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 ঘটনাস্থলে উপস্থিত পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, যেসব ভবনের ফায়ার লাইসেন্স বা এনওসি নেই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেই ‘বুলডোজার নীতি’ এখন পশ্চিমবঙ্গে কার্যকর হতে দেখা যাচ্ছে।

 সরকার সাফ জানিয়েছে, অবৈধ নির্মাণ ও ঝুঁকিপূর্ণ কারখানার বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। প্রয়োজনে এসব স্থাপনার বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তবে বিরোধী দলগুলো এই তড়িঘড়ি উচ্ছেদ অভিযানকে ‘অসাংবিধানিক’ ও আইনি প্রক্রিয়া বহির্ভূত বলে সমালোচনা করেছে। এই অভিযানকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে বর্তমানে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাইমটিভি/বিএম