হরমুজ দিয়ে চলাচল করতে পারবে কোন কোন জাহাজ, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি | ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতি কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি আন্তরিকতা দেখায়, তবেই তেহরান আলোচনায় আগ্রহী হবে।
শুক্রবার (১৫ মে) ভারতের নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা স্থগিত অবস্থায় রয়েছে।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচি জানান—ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িত নয়, এমন জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে ওই নৌপথ দিয়ে চলাচল করতে চাইলে জাহাজগুলোকে ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
তিনি বলেন, “হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল।”
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অধিকাংশ জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে আগে বৈশ্বিক তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।
গত মাসে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখনো স্থায়ী শান্তিচুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা গত সপ্তাহে স্থগিত হয়ে যায়, কারণ উভয় পক্ষই একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে।
আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে “পরস্পরবিরোধী বার্তা” আসায় ইরানের মধ্যে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে পাকিস্তানের মধ্যস্থতাকে তিনি ব্যর্থ নয়, বরং “জটিল পরিস্থিতির মধ্যে থাকা একটি প্রক্রিয়া” হিসেবে বর্ণনা করেন।
তিনি আরও বলেন, “ইরান কূটনীতিকে সুযোগ দিতে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে। তবে প্রয়োজন হলে আমরা আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত।”
বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ—এই দুটি বিষয়ই বর্তমানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রধান অচলাবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে আরাগচির বক্তব্যের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে। একই সঙ্গে তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় উভয় পক্ষ একমত হয়েছে যে ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে হবে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









