ট্রাম্পের সফর শেষে চীন যাচ্ছেন পুতিন

ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার পরই আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট–এর শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০ মে পুতিনের এক দিনের সংক্ষিপ্ত সফর হতে পারে। এটি মূলত বেইজিং ও মস্কোর নিয়মিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে সফরে বড় কোনো আনুষ্ঠানিক আয়োজন বা কুচকাওয়াজের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।
তবে এখনো চীন বা রাশিয়ার পক্ষ থেকে সফরের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর আগে তিন দিনের সফর শেষে শুক্রবার বেইজিং ত্যাগ করেন ট্রাম্প। প্রায় ৯ বছর পর এটি ছিল কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম চীন সফর। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরের পরপরই পুতিনের সম্ভাব্য চীন সফর বৈশ্বিক পরাশক্তিগুলোর কূটনৈতিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করছে। একই মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের চীন সফরের সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে নজিরবিহীন ঘটনা হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের চীন সফরের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। তিনি বলেন, “সফরের আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।”
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, দুই দেশের মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি নিয়ে নিবিড় আলোচনা চলছে এবং উপযুক্ত সময়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে বিশ্লেষকদের মতে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সাম্প্রতিক সময়ে একাধিক উচ্চপর্যায়ের চীন সফর বেইজিংয়ের কূটনৈতিক প্রভাব ও অবস্থানকে আরও শক্তিশালী করছে।
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









