নিরাপত্তা শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রে ফেরার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া সব ধরনের উপহার সামগ্রী বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে গেছেন মার্কিন কর্মকর্তারা।

মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে জানান, বেইজিং ত্যাগের সময় চীন সরকারের পক্ষ থেকে পাওয়া কোনো সামগ্রীই মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে তোলা যাবে না।

জানা গেছে, বিমানে ওঠার সিঁড়িতেই হোয়াইট হাউসের কর্মকর্তা ও সফরসঙ্গী সাংবাদিকদের কাছ থেকে প্রেস পাস, পিন, স্মারক সামগ্রী এবং চীন সরকারের দেওয়া অস্থায়ী মোবাইল ফোনসহ সব উপহার সংগ্রহ করে ফেলে দেওয়া হয়।

নিরাপত্তা কর্মকর্তাদের ভাষ্য, কঠোর নিরাপত্তা প্রটোকল অনুসরণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের আশঙ্কা, এসব সামগ্রী নজরদারি বা গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান কূটনৈতিক ও প্রযুক্তিগত উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই পদক্ষেপ দুই দেশের অবিশ্বাসের সম্পর্ককে আরও স্পষ্ট করেছে।

প্রাইমটিভি/কেআর