ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি এ মন্তব্য করেন।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে—তারা ভূগোলের অংশ হিসেবে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।”

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান কঠোর থাকবে এবং ভবিষ্যতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে সেনাবাহিনী কঠোর জবাব দেবে।

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী একইভাবে দ্রুত ও নির্ভুল প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত থাকবে।

ভারতের সেনাবাহিনীর দাবি অনুযায়ী, ৭ মে শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে কাশ্মীরের পাহেলগামে হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানো হয়।

এরপর পাকিস্তানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায় এবং দুই দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বক্তব্য ভারত-পাকিস্তান উত্তেজনাকে নতুন করে উসকে দিতে পারে।

প্রাইমটিভি/কেআর