শ্রম আইন লঙ্ঘনের দায়ে সাত হাজার ২০০টিরও বেশি ওয়ার্ক ভিসা বাতিল করেছে সৌদি আরব। একই সঙ্গে আইন লঙ্ঘনকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণ দল ও স্মার্ট নজরদারি ব্যবস্থার মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা তদন্ত করা হয়। এর মধ্যে অবৈধ কর্মসংস্থান সংক্রান্ত ১৩ হাজার ৫০৯টি ঘটনায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিক শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট মামলাগুলোকে সৌদির ‘নিতাকাত’ সৌদিকরণ কর্মসূচির হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কর্মীদের বৈধ কর্মসংস্থানের সুযোগ করে দিতে মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শনে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম শনাক্ত করা হয়েছে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ২ লাখ ৩০ হাজার সতর্কবার্তা দেওয়া হয় এবং নিয়োগ কার্যালয়গুলোর বিরুদ্ধে ৩ হাজার ৫২২টি আইন লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

এ ছাড়া অবৈধ গৃহকর্মী সেবার প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের ২৩৮টি অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মানবপাচার প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৫৪ হাজার ঘটনার আগাম পরিদর্শন পরিচালনা করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

সূত্র : গালফ নিউজ

প্রাইমটিভি/কেআর