গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সশস্ত্র শাখার এক শীর্ষ কমান্ডার ইজ্জ আদ-দীন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। হামাসের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক যৌথ বিবৃতিতে দাবি করেন, হাদ্দাদ “হাজার হাজার ইসরায়েলি বেসামরিক নাগরিক ও আইডিএফ সদস্যদের হত্যা, অপহরণ ও আহত করার জন্য দায়ী ছিলেন।” তাঁকে ৭ অক্টোবরের হামলার অন্যতম পরিকল্পনাকারী বলেও উল্লেখ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত আল-মু’তাজ নামের একটি আবাসিক ভবনে ভিন্ন দুই দিক থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার পর ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করা একটি গাড়িকেও লক্ষ্য করে আরেকটি বিমান হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম হামলায় গুরুতর আহত হওয়ার পর হাদ্দাদকে ওই গাড়িতে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। হামাসের সশস্ত্র সদস্যরা পাশের একটি প্রবেশপথ দিয়ে গুরুতর আহত একজনকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

ইসরায়েলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হাদ্দাদকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও হামাস এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সেস-এর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। হামাস অভিযোগ করে আসছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি সরকার বলছে, যুদ্ধবিরতির পরও হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার অধিকার তাদের রয়েছে।

প্রাইমটিভি/কেআর