মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষে দুই মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত । ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে বিমান প্রদর্শনী চলাকালে মাঝআকাশে মার্কিন নৌবাহিনীর দুটি অত্যাধুনিক যুদ্ধবিমানের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও প্রাণে বেঁচে গেছেন বিমানে থাকা চারজন ক্রুই।
রোববার ( ১৭ মে) স্থানীয় সময় বিকেলে আইডাহোর মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সংঘর্ষে জড়িত বিমান দুটি ছিল মার্কিন নৌবাহিনীর ‘ইএ ১৮জি গ্রাউলার’ মডেলের যুদ্ধবিমান। মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের উত্তর-পশ্চিমে প্রায় দুই মাইল দূরে মাঝআকাশে বিমান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পরপরই যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের মুহূর্তের পরই চারজন ক্রু প্যারাশুটের সাহায্যে বিমান থেকে বের হয়ে নিরাপদে নিচে নামেন।
মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমান দুটি ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটিভিত্তিক একটি স্কোয়াড্রনের অংশ ছিল।
ঘটনার পরপরই সামরিক ঘাঁটির উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’র বাকি সব আয়োজন বাতিল করা হয়েছে।
এদিকে নিরাপত্তার স্বার্থে পুরো সামরিক ঘাঁটিতে কঠোর লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।
সুত্রঃ বিবিসি
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









