আরব দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ছবি: সংগৃহীত- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত নতুন সামরিক হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলছে এবং একটি গ্রহণযোগ্য সমঝোতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৯ মেই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের বিশেষ অনুরোধে তিনি মঙ্গলবারের পরিকল্পিত হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। তিনি স্পষ্ট করে বলেন, "ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।" তবে কোনো সম্মানজনক চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যেকোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে বড় পরিসরে হামলা চালাতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।
এর জবাবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের ‘কৌশলগত ভুল ও ভুল হিসাব’ না করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বড় ধরনের বিমান হামলা চালালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে তেহরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার উদ্বেগ তৈরি হয়। বর্তমানে এপ্রিল মাসের একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কৌশলগত হরমুজ প্রণালির ওপর ইরানের কঠোর নিয়ন্ত্রণের কারণে বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত বাড়ছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









