ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ বলে পরিচয় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিদের সামনে রসিকতার ছলে এই মন্তব্য করেন তিনি। মোদির বক্তব্যের পর উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায় এবং অনেককে হাততালি দিতেও দেখা যায়।

এ ঘটনার ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আগামীকাল আপনারা চা দিবস উদযাপন করতে যাচ্ছেন। আর এই চা দিবস উদযাপনের জন্য একদিন আগেই আপনাদের মাঝে একজন ‘চা-ওয়ালা’ হাজির হয়েছে।”

তিনি আরও বলেন, “ভারতের চায়ের বৈচিত্র্য যেমন বিশাল, তেমনি এর শক্তি ও সুবাসও অনন্য।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার আগেও নিজের রাজনৈতিক পরিচয়ের অংশ হিসেবে ‘চা-ওয়ালা’ পরিচয় বহুবার তুলে ধরেছেন মোদি। তার দাবি, শৈশবে বাবার সঙ্গে চা বিক্রির কাজ করতেন তিনি।

প্রাইমটিভি/কেআর