বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে 'ট্রাম্প'

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের একটি খামারে লালন-পালন করা ব্যতিক্রমধর্মী মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার জায়গা করে নিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর প্রতিবেদনে। সংবাদমাধ্যমটি শিরোনাম করেছে— “অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কোরবানি দেবে বাংলাদেশ”।
সোনালি রঙের চুলের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সঙ্গে মিল রেখে মহিষটির এমন নামকরণ করা হয়। নারায়ণগঞ্জের একটি খামারে লালিত-পালিত এ মহিষটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় হাজার পাউন্ড ওজনের অ্যালবিনো মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ঈদুল আজহা সামনে রেখে মহিষটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে।
মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, তার ভাই চুলের আকৃতির কারণে মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছেন। তিনি বলেন, মে মাসজুড়ে নারায়ণগঞ্জে তার খামারে মানুষ শুধু এই মহিষটিকে দেখতেই ভিড় করছেন।
মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, “সত্যিই, মহিষটি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মধ্যে কিছুটা মিল আছে। আমার ভাতিজা শুধু এই মহিষটিকে দেখতে এক ঘণ্টার নৌযাত্রা করে এসেছে।”
চার বছর বয়সী মহিষটিকে গত এক বছর ধরে লালন-পালন করছেন জিয়া উদ্দিন মৃধা। তিনি বলেন, “আমি ‘ডোনাল্ড ট্রাম্প’কে মিস করব। কিন্তু কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ।”
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









