রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যুবক আকরাম হোসেন। অভাবের সংসার চালাতে ভিনদেশে গিয়ে ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না তার পরিবার। এখন শেষবারের মতো আকরামের মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ হাতে দাফন করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন তার অসহায় বাবা মোরশেদ মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকরাম মূলত চীনের একটি কোম্পানিতে কাজের উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিলেন। পরে সেখানে একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে কিনে নেয় এবং একটি চুক্তিনামায় স্বাক্ষর করায়। পাশাপাশি রাশিয়ার নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠায়।

যুদ্ধক্ষেত্রে আকরাম নিহত হওয়ার পর তার মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে স্থানীয় প্রশাসন পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ জানান, নিহতের মরদেহটি বর্তমানে ঠিক কোথায় রয়েছে তা প্রথমে নিশ্চিত হওয়া প্রয়োজন। পরবর্তীতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহ দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়ায় উপজেলা প্রশাসন ভুক্তভোগী পরিবারটিকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

প্রাইমটিভি/বিএম