কঙ্গোয় ইবোলা ভাইরাসে মৃত বেড়ে ১৩৯

ছবি: সংগৃহীত- প্রাণঘাতী ইবোলা ভাইরাসের মৃত্যু
আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। প্রথমে দেশটির ইতুরি প্রদেশে সংক্রমণ সীমাবদ্ধ থাকলেও তা এখন গোমা ও সাউথ কিভুসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এমনকি প্রতিবেশী উগান্ডাতেও এই ভাইরাস শনাক্ত হওয়ায় আঞ্চলিক উদ্বেগ চরম আকার ধারণ করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে ইবোলার বিরল ‘বুন্ডিবুগইও’ ধরনটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ধরনটির বিরুদ্ধে কার্যকর কোনো অনুমোদিত টিকা নেই এবং এতে মৃত্যুহার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। এর প্রতিষেধক তৈরিতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে গবেষকরা জানিয়েছেন।
এদিকে ভাইরাসের সংক্রমণের পাশাপাশি দেশটিতে সামাজিক অস্থিরতাও বাড়ছে। রওয়াম্পারা শহরে এক ইবোলা রোগীর দাফনকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা স্থানীয় একটি হাসপাতালে হামলা চালায় এবং চিকিৎসা সহায়তার তাঁবুতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আন্তর্জাতিক অঙ্গনেও এর ব্যাপক প্রভাব পড়েছে। সংক্রমণ ঠেকাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নতুন ভ্রমণ বিধিনিষেধ ও সর্বোচ্চ সতর্কতার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া। অন্যদিকে, স্বাস্থ্যঝুঁকির কারণে আগামী সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ভারত-আফ্রিকা ফোরামের শীর্ষ সম্মেলন’ স্থগিত করা হয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









