সম্ভাব্য মার্কিন সামরিক হামলার আশঙ্কার মধ্যে পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা।

শনিবার এক ঘোষণায় সংস্থাটি জানায়, তেহরান ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সব ধরনের বেসামরিক ফ্লাইটের অনুমতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দর ছাড়াও ইসফাহান ও ইয়াজদসহ দেশের মোট আটটি বিমানবন্দর বর্তমানে চালু রয়েছে। তবে এসব বিমানবন্দরে ফ্লাইট চলাচল কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।

এছাড়া প্রতিটি ফ্লাইট পরিচালনার জন্য বিমান সংস্থাগুলোকে নতুন করে বেসামরিক বিমান চলাচল সংস্থার অনুমোদন নিতে হচ্ছে বলেও জানানো হয়েছে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

শুক্রবার অ্যাক্সিওস ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করার জন্য তার সাপ্তাহিক কর্মসূচিতে পরিবর্তন আনেন, যা নতুন করে সংঘাতের জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

প্রাইমটিভি/কেআর