যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা

দক্ষিণ ইরানে মার্কিন হামলা । সংগৃহীত
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালেই দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষায় এই আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৫ মে) দক্ষিণ ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের চেষ্টা করা দুটি নৌযানকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও সর্বোচ্চ সংযম বজায় রেখে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ওয়াশিংটন।
মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরানের দুটি নৌযানকে মাইন স্থাপন করতে দেখা যায়। একই সময়ে একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে মার্কিন যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হলে পাল্টা জবাব দেয় মার্কিন সামরিক বাহিনী।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির দুটি নৌযান ধ্বংস হয়েছে। এছাড়া বন্দর আব্বাস এলাকায় একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র কেন্দ্রেও আঘাত হানা হয়েছে।
তবে আপাতত হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনের দুটি সূত্র। একই সঙ্গে তারা নিশ্চিত করেছে, এই ঘটনার পরও যুদ্ধবিরতি বহাল থাকবে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









