মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে বাংলাদেশ থেকে কুয়েতগামী অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্যে পৌঁছাতে না পেরে সৌদি আরবে জরুরি অবতরণ করেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইট কেইউ-২৮৪ বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে। তবে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকায় বিমানটি নির্ধারিত গন্তব্যে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

একই পরিস্থিতির মুখে পড়ে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট জে-৯৫৩২। ভোর ৫টার দিকে ঢাকা থেকে কুয়েতের উদ্দেশে উড্ডয়ন করা ফ্লাইটটি মাঝপথে কুয়েতের বিমানবন্দর বন্ধের তথ্য পায়। পরবর্তীতে বিমানটি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে অবতরণ করে।

এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, যার আসনসংখ্যা প্রায় ১৮০। তবে ফ্লাইটটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিট থেকে সাময়িকভাবে দেশটির আকাশসীমা বন্ধ রাখার ঘোষণা দেয়।

ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সম্ভাব্য ঝুঁকি দূর হলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে। এরপর স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু হবে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলো বিকল্প রুট ব্যবহার এবং ফ্লাইট সূচিতে পরিবর্তন আনছে বলে জানা গেছে।

প্রাইমটিভি/কেআর