সাড়ে তিন বছর কোমায় থেকে মারা গেলেন থাই রাজকুমারী

ছবি- সংগৃহীত থাই রাজকুমারী
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের (রামা দশম) জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী বাজরাকিতিয়াভা মাহিদল ৪৭ বছর বয়সে মারা গেছেন। ২০২২ সালের ডিসেম্বরে পোষা কুকুর নিয়ে হাঁটার সময় হঠাৎ অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন। দীর্ঘ সাড়ে তিন বছর পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। শুক্রবার থাইল্যান্ডের ব্যুরো অব দ্য রয়্যাল হাউসহোল্ড এক বিবৃতিতে জানায়, রাজকুমারী পেটের সংক্রমণে ভুগছিলেন এবং ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
চিকিৎসকেরা জানান, মাইকোপ্লাজমা সংক্রমণের কারণে তার হৃদ্স্পন্দনে গুরুতর জটিলতা দেখা দিয়েছিল। গত মে মাস থেকে ফুসফুস ও কিডনির কার্যক্রম সচল রাখতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
‘প্রিন্সেস ভা’ নামে পরিচিত বাজরাকিতিয়াভা ছিলেন রাজার প্রথম স্ত্রীর একমাত্র সন্তান। আইনজীবী ও কূটনীতিক হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এই রাজকুমারী যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নেন এবং অস্ট্রিয়ায় থাইল্যান্ডের রাষ্ট্রদূত ও জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিশেষ করে কারাগারে থাকা নারীদের কল্যাণে ও নারীর অধিকার রক্ষায় তার কাজ প্রশংসিত ছিল।
থাইল্যান্ডের অত্যন্ত মর্যাদাপূর্ণ এই রাজকুমারীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যাংককের গ্র্যান্ড প্যালেসে রাখা হবে এবং রাজকীয় রীতিতে শেষকৃত্য সম্পন্ন হবে। তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








