দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় আড়াই মাস, অথচ শুটিং সেটে টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এবার অভিনেতার এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ নিল নয়া দিল্লি। কী ভাবে ঘটল এমন মর্মান্তিক দুর্ঘটনা? শুটিংয়ের চূড়ান্ত অব্যবস্থাই কি দায়ী ছিল এর পিছনে? এই সব প্রশ্নের উত্তর ও প্রকৃত কারণ খুঁজে বের করতে এবার ওডিশা সরকারকে কড়া নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।

আড়াই মাস আগেএকটি সিনেমার শুটিং চলাকালীন আকস্মিকভাবে প্রয়াত হন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা রাহুল। ঘটনার পর থেকেই শুটিং সেটের নিরাপত্তা ও অব্যবস্থা নিয়ে টালিপাড়ায় ক্ষোভের সৃষ্টি হয়। অভিনেতার পরিবার এবং অনুরাগীদের পক্ষ থেকেও বারবার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছিল।

অবশেষে এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে সরাসরি হস্তক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর দপ্তরের এই কড়া নির্দেশের পর ওডিশা পুলিশ ও প্রশাসন নড়েচড়ে বসেছে। শুটিংয়ের দিন ঠিক কী ঘটেছিল, সেখানে সুরক্ষাবিধির কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হতে পারে। আড়াই মাস ধরে ঝুলে থাকা এই রহস্যের জট এবার প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে দ্রুত খুলবে বলে আশা করা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম