বিমান বিধ্বস্তে ভারতের ৫ সেনা নিহত

ভারতের ৫ সেনা নিহত । সংগৃহীত
বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) উত্তর-পূর্বাঞ্চলের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
ভারতীয় বিমান বাহিনী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে বাহিনীটি।
এর আগে এক বিবৃতিতে ভারতীয় বিমান বাহিনী জানায়, জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় তাদের একটি এএন ৩২ পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এএন ৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। সাবেক সোভিয়েত ইউনিয়নে নির্মিত এই বিমান দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে দেশটির বিমান বাহিনীর বহরে প্রায় ১০০টি এএন ৩২ বিমান রয়েছে।
চরম প্রতিকূল আবহাওয়া ও দুর্গম অঞ্চলে পরিচালনার উপযোগী এই বিমান ৭ দশমিক ৫ টন পর্যন্ত মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার পরিবহন করতে সক্ষম। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় রসদ ও সরঞ্জাম সরবরাহে এ বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।
প্রাইমটিভি/এযজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









