প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: মন্ত্রী ফকির মাহবুব আনাম

মন্ত্রী ফকির মাহবুব আনাম । সংগৃহীত
দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তিদক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রোগ্রামিং এবং উদ্ভাবনী প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখছে।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রযুক্তিই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। দেশের শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতার মাধ্যমে যে সম্ভাবনার পরিচয় দিয়েছে, তা বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।
ফকির মাহবুব আনাম আরও বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। মেধাবী তরুণদের জন্য বিশ্বব্যাপী নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি জানান, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা, বৈশ্বিক ই-কমার্সে সংযুক্তকরণ এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতিটি উদ্ভাবনের শুরু একটি প্রশ্ন থেকে। তাই প্রশ্ন করতে, পর্যবেক্ষণ করতে এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে নতুন কিছু উদ্ভাবনের সাহস অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, দেশের তরুণরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের উদ্ভাবনী শক্তি বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের তরুণরা প্রোগ্রামিং, রোবটিক্স ও সাইবার নিরাপত্তায় সাফল্যের স্বাক্ষর রাখছে, যা দেশের জন্য গর্বের বিষয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নে আয়োজিত এ বছরের জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় কুইজ ও প্রোগ্রামিং মিলিয়ে পাঁচটি ক্যাটাগরিতে ১৭ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। আঞ্চলিক প্রতিযোগিতা শেষে প্রোগ্রামিং ও কুইজ বিভাগে মোট ৮৩২ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশ সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড ২০২৬-এর বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন মন্ত্রী।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এ টি এম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





