অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে টিম টাইগার

টিম টাইগার । সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। আর এই ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রিকেট দলকে ২ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দ্বিতীয় ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এর আগে প্রথম ওয়ানডেতেও ৮৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত হয় বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির কারণে ইনিংস সংক্ষিপ্ত হয়ে যায়। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
ব্যাট হাতে তাওহীদ হৃদয় ৫৫ বলে ৪০ রান করেন। অপরদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অপরাজিত ২২ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
তবে ম্যাচের ভিত্তি গড়ে দেন বাংলাদেশের পেসাররা। অস্ট্রেলিয়াকে ১৮৭ রানে আটকে রাখতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন। তানভীর ইসলাম শিকার করেন দুটি উইকেট।
মজার বিষয় হলো, স্পিন সহায়ক মিরপুরের উইকেটে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে পরাস্ত করতে মূল ভূমিকা রেখেছেন বাংলাদেশের পেসাররাই। সিরিজে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকাতেও আধিপত্য পেসারদের। মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৫ উইকেট, নাহিদ রানা ও তাসকিন আহমেদের ঝুলিতে ৪টি করে উইকেট। অস্ট্রেলিয়ার নাথান এলিস পেয়েছেন ৩ উইকেট।
এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ।
ঐতিহাসিক সিরিজ জয়ের পর এখন টাইগারদের সামনে নতুন লক্ষ্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণাঙ্গ আধিপত্য প্রতিষ্ঠা করে হোয়াইটওয়াশের ইতিহাস লেখা।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







