বিশ্বকাপ ফুটবলের মহারণে রোববার (১৪ জুন) মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ ইয়র্কে নিজেদের প্রথম ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল মরক্কো। ম্যাচ শুরু হবে ভোর ৪টায়।

বিশ্বকাপ শুরু হলেও ব্রাজিলিয়ান সমর্থকদের আসল উন্মাদনা শুরু হচ্ছে এই ম্যাচ ঘিরেই। কারণ পাঁচবারের চ্যাম্পিয়নদের মাঠে নামা মানেই বাড়তি উত্তেজনা। অন্যদিকে প্রতিপক্ষ মরক্কোও ইউরোপীয় ক্লাব ফুটবলে খেলা তারকাদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচের আগে বলেন, ভয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ভয় না থাকলে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থাকে। তবে দলের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং প্রথম ম্যাচ নিয়েও তিনি আশাবাদী।

ব্রাজিল শিবিরে বড় দুশ্চিন্তা নেইমারের ইনজুরি। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই তারকা আগামী সপ্তাহে স্কোয়াডে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে নেইমার না থাকলেও আক্রমণভাগে মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র।

অন্যদিকে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি জানিয়েছেন, তারা ব্রাজিলকে পূর্ণ সম্মান জানালেও মাঠে লড়াইয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তার মতে, ব্রাজিল বিশ্বমানের দল হলেও মরক্কোও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম।

কাগজে কলমে ব্রাজিল ফেভারিট হলেও নিউ ইয়র্কের মাঠে আফ্রিকান সিংহদের সহজে ছাড় দিতে রাজি নয় মরক্কো। এখন দেখার বিষয়, রোববার ভোরে বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচে কারা হাসে শেষ হাসি।

প্রাইমটিভি/এনজি