দেশব্যাপী স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে ঘরে ঘরে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাইলটিং স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করবেন। রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজন মনে হলে তবেই তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য সহজ চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দলমত নির্বিশেষে জনগণের সেবা দেওয়াই সরকারের লক্ষ্য।

সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করে বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। তবে বর্তমান সরকার ব্যতিক্রমধর্মী প্রশাসন পরিচালনা করছে এবং সরকারি সেবা পেতে এখন আর ঘুষ দিতে হয় না।

তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে দুর্নীতিমুক্ত থেকে জনগণের জন্য কাজ করতে হবে। আদ্‌ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্‌ দ্বীনের পক্ষে কথা বলে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের চিকিৎসাসেবার জন্য বিশেষ সুবিধা রাখা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা এবং পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

প্রাইমটিভি/এনজি