২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: পাকিস্তান

শান্তি চুক্তির আহ্বানে শেহবাজ শরিফের এক্সে পোস্ট । সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। তার এই মন্তব্যে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
শনিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, ‘আমরা আগের যেকোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সম্ভাব্য চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরের প্রস্তুতি চলছে। চুক্তি স্বাক্ষরের পর দুই পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘আলোচনা প্রক্রিয়ায় অব্যাহত অঙ্গীকারের জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
শেহবাজ শরিফের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে তা শুধু দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতেই নয়, বরং পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার দাবি, সম্ভাব্য চুক্তির আওতায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথও সুগম হবে।
দীর্ঘদিনের বৈরিতার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি বড় মোড় পরিবর্তনের ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এখন সবার নজর আগামী ২৪ ঘণ্টার দিকে, যখন এই বহুল আলোচিত শান্তি চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
সুত্রঃ ডন নিউজ
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









