ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে আবারও বিক্ষোভ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতার অভিযোগ তুলে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান শত শত মানুষ।

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে প্রায় ৫০০ জনের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা অভিযোগ করেন, সরকার আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে আগ্রহ দেখাচ্ছে না।

হামাসের হামলায় অপহৃত হয়ে পরে গাজায় নিহত হওয়া ৮০ বছর বয়সী ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার বলেন, সময় যত গড়াচ্ছে ততই প্রশ্ন বাড়ছে। তার মতে, আইন অনুযায়ী গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিশনই সবচেয়ে নিরপেক্ষ মাধ্যম, যেখানে প্রধান বিচারপতির নিয়োগ করা স্বাধীন বিশেষজ্ঞরা থাকেন। তবে সরকারের প্রস্তাবিত কমিটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রস্তাবিত কাঠামোয় জোট ও বিরোধী দলের প্রতিনিধিদের রাখার কথা বলা হলেও বিরোধীরা অংশ না নিলে পুরো প্রক্রিয়া সরকারের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করবে।

অন্যদিকে নোভা সঙ্গীত উৎসবে হামলায় নিহত ২৬ বছর বয়সী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যান বলেন, ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনাই এই সংঘাতকে আরও গভীর করেছে। তিনি আরও বলেন, বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতি পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের মতোই সমান নীতি থাকা উচিত।

সমাবেশ চলাকালে এক পর্যায়ে সরকারপন্থি কর্মী হাদার মুখতার ভিডিও ধারণ করতে গেলে উত্তেজনা তৈরি হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের এক সরকারবিরোধী কর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ এসে দুজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়।

প্রাইমটিভি/এনজি