শান্তিচুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, আজই হতে পারে স্বাক্ষর

ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক শান্তিচুক্তি রোববার ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরিত হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইঙ্গিত দিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি স্বাক্ষরে আরও কয়েক দিন সময় লাগতে পারে।
শনিবার ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে জানান, চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। যদিও শনিবার ভোরেও হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন বাহিনী।
প্রস্তাবিত চুক্তির ধারাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও, জানা গেছে যে চুক্তির পর ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ শিথিল এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। তবে প্রাথমিক চুক্তিতে পারমাণবিক কর্মসূচি অন্তর্ভুক্ত থাকছে না, যা আগামী ৬০ দিনের আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। হোয়াইট হাউস ইউরেনিয়াম ধ্বংসের দাবি করলেও তেহরান তা অস্বীকার করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হয়। দীর্ঘ আলোচনার পর এখন সরাসরি বৈঠকের বদলে ডিজিটাল পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আগামী ৪ জুলাই শুরু হয়ে ৯ জুলাই মাশহাদে সম্পন্ন হবে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







