পাকিস্তানি বাহিনীর অভিযানে ৪ কমান্ডারসহ ২১ 'ভারত-সমর্থিত' সন্ত্রাসী নিহত

ছবি- জিও নিউজ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত বলে দাবি করা ২১ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন শীর্ষ সন্ত্রাসী কমান্ডারও রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।
শনিবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, গত ৭২ ঘণ্টায় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ ও আশপাশের এলাকায় একাধিক সন্ত্রাসী আস্তানায় অভিযান চালানো হয়। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে চারজন গুরুত্বপূর্ণ সন্ত্রাসী নেতা হলেন— খালিদ রাজা ওরফে সালার, মুফতুন, মুসা এবং ইমরান ওরফে আয়ান। পাকিস্তানি বাহিনীর দাবি, তারা নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর বহু হামলার সঙ্গে জড়িত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, গত সপ্তাহে একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ২৭ জন সন্ত্রাসী নিহত হয়েছিল। সব মিলিয়ে সাম্প্রতিক অভিযানে মোট ৪৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
অভিযান শেষে নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
বিবৃতিতে বলা হয়, এলাকায় এখনো তল্লাশি ও স্যানিটাইজেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযান পূর্ণ গতিতে চলবে।
উত্তর ওয়াজিরিস্তানে এই অভিযান এমন এক সময়ে পরিচালিত হলো, যখন পাকিস্তানজুড়ে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, সাম্প্রতিক কয়েকটি সন্ত্রাসী হামলার জবাবে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীদের পরিকল্পনাকারী ও আশ্রয়স্থল লক্ষ্য করে পাকিস্তান ‘নির্ভুল ও সীমিত’ হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত ২৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হয়।
পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা বৃদ্ধি পেয়েছে।
এদিকে সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো কার্যকর সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। পাকিস্তানের অভিযোগ, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে এবং এ বিষয়ে আফগান কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
তথ্য সূত্র: জিও নিউজ
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









