আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

ছবি- সংগৃহীত
মার্কিন সংবাদমাধ্যম এপির তথ্যমতে, ট্রাম্প জি-৭ সম্মেলনে মিত্র দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালির মাইন অপসারণ নিয়ে আলোচনা করতে পারেন। ইরান ও অন্যান্য দেশের নেতাদের সাথে উচ্চপর্যায়ের আলোচনার পর ট্রাম্প ইরানের খারগ দ্বীপসহ প্রধান তেল স্থাপনায় সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রণালিতে মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।
ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে, যা চুক্তি আকারে স্বাক্ষরিত হলে উত্তেজনা কমবে এবং হরমুজ প্রণালি আবারও পুরোপুরি খুলে দেওয়া হবে। এ বিষয়ে ইউরোপে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রতিনিধিত্ব করতে পারেন। অন্যদিকে, সাময়িক সংঘাত বন্ধ হলে এই নৌপথ নিরাপদ করতে যুক্তরাজ্য ও ফ্রান্স সহায়তা করার আগ্রহ দেখিয়েছে।
বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। চলমান সংকটে তেলের দাম বাড়লেও, প্রথম ৭৬ দিন পর্যন্ত বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র ভারত অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম স্থিতিশীল রেখেছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক সপ্তাহের সফরে ফ্রান্স ও স্লোভাকিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। সফরের আগে তিনি জানান, ভারতের কৌশলগত পরিকল্পনায় ফ্রান্সের বিশেষ গুরুত্ব রয়েছে। চলতি বছরের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত হয়। উল্লেখ্য, ভারত ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের অন্যতম বড় ক্রেতা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







