আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে ইতোমধ্যেই বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করেছে, যার মধ্যে অনেক জাহাজই জ্বালানি তেলে পূর্ণ। তিনি বলেন, এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বাণিজ্যিক জাহাজগুলো একটি নির্দিষ্ট নিরাপদ করিডোর ব্যবহার করে চলাচল করছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই করিডোরটি সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত এবং ঝুঁকিমুক্ত। তিনি আরও জানান, ওই অঞ্চলে জাহাজ চলাচলের জন্য বিকল্প রুটও রয়েছে, তবে সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি দেননি।

ওমান ও ইরানের মধ্যবর্তী কৌশলগত এই জলপথ হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই রুটে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

প্রাইমটিভি/এনজি