ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার সবচেয়ে প্রতিযোগিতামূলক ‘NEET-UG 2026’ পরীক্ষার একদিন আগে একটি বড় ধরনের প্রশাসনিক ভুল সামনে এসেছে। মহারাষ্ট্রের নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র হিসেবে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরীক্ষা আগামী রোববার (২১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঠিক আগ মুহূর্তে এমন ভুলে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

ভুক্তভোগী পরীক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব নাগপুরের বাসিন্দা। তার পরিবারের দাবি, তার কোনো পাসপোর্ট নেই, ফলে বিদেশে গিয়ে পরীক্ষা দেওয়াও সম্ভব নয়। তার বাবা, চিকিৎসক মোহাম্মদ তালিব এনডিটিভিকে বলেন, অ্যাডমিট কার্ড দেখে তারা হতবাক হয়ে যান এবং ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে।

পরিবার জানায়, আবদুল্লাহ আবেদন করার সময় নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা—এই তিনটি কেন্দ্রকে পছন্দ হিসেবে দিয়েছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর দেখা যায় তার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে আবুধাবির একটি ভারতীয় স্কুলে।

পরবর্তীতে বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এনটিএ বিষয়টি স্বীকার করে নেয় এবং জানায় এটি একটি সফটওয়্যারজনিত ত্রুটি। সংস্থাটি আরও জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আবদুল্লাহর জন্য নাগপুরেই নতুন কেন্দ্র নির্ধারণ করে সংশোধিত অ্যাডমিট কার্ড দ্রুতই ইস্যু করা হবে।

প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর পুনরায় আয়োজিত এই পরীক্ষা আগামীকাল দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পেন-এন্ড-পেপার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এনটিএ পরীক্ষার্থীদের এমন কোনো অসঙ্গতি দেখা দিলে দ্রুত হেল্পলাইনে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। তবে পরীক্ষার একেবারে শেষ মুহূর্তে এমন ভুল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে পরীক্ষার ব্যবস্থাপনার নির্ভরযোগ্যতা ও প্রশাসনিক দক্ষতা নিয়ে।

 প্রাইমটিভি/এমএইচ