বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ সময় দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি গভীর সমর্থন ও ভালোবাসার বিষয়টি বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহের কথাও জানান তিনি।

সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও আর্জেন্টিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় এবং নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম, বিশেষ করে আর্জেন্টিনার প্রতি তাদের আবেগ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে রাষ্ট্রদূতের আগ্রহকে স্বাগত জানান আইজিপি।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এমএইচ