ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর

ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তির তিন দিন পর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্র যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।
হিজবুল্লাহর কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতি ঘোষণার পরও প্রায় এক ঘণ্টা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এক ডজনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে স্থানীয় সময় বিকেল ৫টার পর থেকে আর কোনো ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বিমান হামলার ঘটনা ঘটেনি।
যদিও ইসরায়েলি কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরও দক্ষিণ লেবাননের একটি মহাসড়কে ড্রোন হামলায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে মন্তব্য জানতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে লেবাননে ব্যাপক বিমান অভিযান চালায় আইডিএফ। ওই হামলায় অন্তত ৪৭ জন নিহত হন। সেই অভিযানের প্রায় ১২ ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা আসে।
মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কাতার ও ইরানের কূটনৈতিক তৎপরতার ফলেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। রয়টার্সকে তিনি বলেন, “হিজবুল্লাহ এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও শুক্রবারও কিছু এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, তবে আমরা আশা করছি যুদ্ধবিরতি এখন কার্যকরভাবে বজায় থাকবে।”
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সংঘাতপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষের প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখা প্রয়োজন।
সূত্র: রয়টার্স
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









