পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে।

নিহত দুই ভাই হলো—আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে মায়ের সাথে নানাবাড়িতে বেড়াতে এসেছিল তারা。 শুক্রবার বিকেলে দুই ভাই নানাবাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিন্তু সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।

এদিকে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনও বিস্তারিত বা আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। দুই শিশুর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রাইমটিভি/বিএম