নেইমারকে নিয়ে সুখবর দিলেন কোচ আনচেলত্তি

ছবি- রয়টার্স
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে নিয়ে সুখবর দিয়েছেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। পায়ের পেছনের মাংসপেশিতে চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পারলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তিনি দ্রুতই দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন।
আনচেলত্তি বলেন, “নেইমার আগামীকাল আলাদাভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে ফিট থাকবে, তাকে খেলানো হবে।”
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ওই ম্যাচে নেইমার বেঞ্চে থাকলেও মাঠে নামেননি। পরে দলের পক্ষ থেকে জানানো হয়, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড নিউ জার্সিতে থেকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন। দ্বিতীয় স্তরের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় তার সুস্থ হতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন হয়।
আগামী ২৪ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অবস্থিত হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল।
নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর। কারণ দলের অন্যতম গুরুত্বপূর্ণ আক্রমণভাগের খেলোয়াড় রাফিনহা হাইতির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই চোটে পড়েছেন। তার অবস্থা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব সামলাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনহা, রাফিনিয়া ও ইগোর থিয়াগো। মরক্কোর বিপক্ষে দলের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। হাইতির বিপক্ষেও তিনি একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। অন্যদিকে কুনহা জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।
বর্তমানে ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা চলতি বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন।
সূত্র: রয়টার্স
প্রাইমটিভি/কেআর

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









