ইরানকে ৬০ দিনের আলটিমেটাম ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ওয়াশিংটনের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হলে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেবে, যা তেহরানের জন্য সুখকর হবে না।
মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কাতারের উপহার দেওয়া বিমান উন্মোচন অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে। তবে আলোচনা ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।
ট্রাম্প বলেন, ৬০ দিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। অন্যথায় এমন কিছু করা হবে, যা ইরানের পছন্দ হবে না। যদিও তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি শেষ পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছাবে না।
এদিকে, ওয়াশিংটন ও তেহরান সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্থায়ী চুক্তিতে রূপ দিতে কারিগরি পর্যায়ের আলোচনার প্রস্তুতি নিচ্ছে। এমন সময়েই ট্রাম্পের এই হুঁশিয়ারি নতুন করে আলোচনায় এসেছে।
অন্যদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেন, বর্তমানে প্রায় ৭০০ জাহাজ এই প্রণালি দিয়ে চলাচল করছে এবং সামুদ্রিক পরিবহন স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে নতুন করে উত্তেজনা সৃষ্টি হলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
ট্রাম্পের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ হয়ে যেতে পারে। কারণ জাহাজ মালিকরা ক্ষেপণাস্ত্রের হুমকি বা সমুদ্রপথে মাইন থাকার ঝুঁকি নিতে চাইবেন না।
বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








