ভারতের উত্তর প্রদেশের গোরখপুরে ৯ মাস বয়সী এক কন্যাসন্তানকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ১২ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। গত রবিবার (২১ জুন) গোরখপুরের গুলরিহা থানা এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটি নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি মাঠের টিনের চালার নিচে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় বিআরডি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

তদন্তকারীরা জানান, জিজ্ঞাসাবাদের মুখে আটক হওয়া ১২ বছরের ওই কিশোর নিজের অপরাধ স্বীকার করেছে। চণ্ডীগড় থেকে তিন দিন আগে আসা ওই কিশোর পুলিশকে জানায়, ঘটনার রাতে সে মদ্যপান করেছিল এবং নিজের মোবাইল ফোনে পর্নোগ্রাফিক কনটেন্ট দেখছিল। এরপরই সে ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে যায়। পুলিশ তার ফোন থেকে ৫০টিরও বেশি অশ্লীল ভিডিও এবং শতাধিক পর্নো ওয়েবসাইটের সার্চ হিস্ট্রি উদ্ধার করেছে।

গোরখপুরের পুলিশ সুপার (সিটি) নিমেষ পাতিল জানিয়েছেন, শিশুটির ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। এই ঘটনায় অভিযুক্ত নাবালককে হেফাজতে নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রাইমটিভি/বিএম