কাতারের শিল্পশহর রাস লাফফানের ‘বারজান গ্যাস সাপ্লাই লিমিটেড’ নামের একটি এলএনজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যার দিকে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৮ জন।

কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘কাতার এনার্জি’ এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। কারখানাটির ভেতরে একটি নতুন প্ল্যান্ট নির্মাণের কাজ শুরুর পরপরই এই দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানাটি থেকে ভারী কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের লেলিহান শিখা ২০ কিলোমিটার দূর থেকেও দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে রাজধানী দোহা থেকেও তা শোনা গেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানিকারী দেশ কাতারের জন্য দোহা থেকে ৮০ কিলোমিটার উত্তরের এই রাস লাফফান শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশের অধিকাংশ এলএনজি প্রস্তুতকারী কারখানা এখানে অবস্থিত।

প্রাইমটিভি/বিএম