আকাশভরা মেঘ, টুপটাপ বৃষ্টি আর বিছানার আরাম সব মিলিয়ে অলসতা যেন একটু বেশিই চেপে বসে বৃষ্টির দিন, তাই তো সকালে অফিস যেতে কার বা মন চায়। বৃষ্টির দিনে অফিসে যেতে মন না চাওয়া একেবারেই স্বাভাবিক ব্যাপার। তবুও পেশাগত দায়িত্বের কথা মাথায় রেখে নিজেকে প্রস্তুত করা জরুরি।

সকালে উঠে নিজেকে ফ্রেশ ও প্রফুল্ল রাখার চেষ্টা করুন। এক কাপ গরম চা বা কফি, সঙ্গে হালকা কোনো প্রিয় গান মনের ক্লান্তি দূর করে দেয় অনেকটাই । চাইলে হালকা ব্যায়াম বা স্ট্রেচিংও করতে পারেন, যা শরীরকে সক্রিয় করে তোলে।

আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক নির্বাচন করুন। রেইনকোট, ছাতা, জলরোধী জুতা বা স্যান্ডেল ব্যবহার করলে ভিজে যাওয়ার ভয় কম থাকে। এতে অফিসে যাওয়ার পথে অস্বস্তি কম হয় এবং আত্মবিশ্বাস বাড়ে।

 নিজের জন্য ছোট ছোট প্রেরণা তৈরি করুন। যেমন অফিসে গিয়ে প্রিয় সহকর্মীর সঙ্গে আড্ডা দেবেন, অথবা কোনো কাজ শেষ করে নিজেকে ছোট একটি রিওয়ার্ড দেবেন। এতে মনোযোগ ও আগ্রহ বাড়ে। যাতায়াতকে আনন্দদায়ক করার চেষ্টা করুন। বাস বা রিকশায় বসে প্রিয় গান, অডিওবুক বা বই পড়েন।