সচেতনতা ও সামান্য সতর্কতাই পারে বড় দুর্ঘটনা এড়াতে। তাই বজ্রপাতের সময় নিজের ও পরিবারের সুরক্ষায় কিছু বিষয়গুলো অবশ্যই মেনে চলা উচিত।

বর্ষাকালে বজ্রপাত এখন শুধু গ্রামেই নয়, শহরেও বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। উঁচু ভবন, বৈদ্যুতিক সংযোগ ও খোলা স্থান এবং শহুরে জীবনেও বজ্রপাতের সময় সতর্ক থাকা অত্যন্ত জরুরি।

ধাতব জিনিস ও পানির সংস্পর্শ এড়িয়ে চলা জরুরি। যেমন— লোহার দরজা-জানালা, কলের পানি ব্যবহার বা গোসল করা থেকে বিরত থাকুন। কারণ ধাতু ও পানি বিদ্যুৎ পরিবাহী, যা ঝুঁকি বাড়ায়।

বজ্রপাত শুরু হলে অযথা বাইরে না বের হওয়াই সবচেয়ে নিরাপদ। বিশেষ করে খোলা ছাদ, বারান্দা বা রাস্তায় দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। বজ্রপাত সাধারণত উঁচু স্থানে আঘাত আনে, তাই ছাদে ওঠা থেকে বিরত থাকা উচিত।

ঘরের ভেতরে থাকলেও বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার সীমিত করা উচিত। টিভি, ফ্রিজ, কম্পিউটার বা মোবাইল চার্জে রাখা অবস্থায় বজ্রপাত হলে বিদ্যুৎ প্রবাহে ক্ষতি হতে পারে। সম্ভব হলে এসব যন্ত্র সংযোগ থেকে খুলে রাখুন।