আজ আন্তর্জাতিক নার্স দিবস

ছবি: সংগৃহীত- নার্স দিবস
সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক নার্স দিবস’। প্রতিবছর আধুনিক নার্সিংয়ের অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে এই দিবসটি পালন করা হয়। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন ।
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) দিবসটি পালন করে আসছে। অতীতে কেবল ঢাকা কেন্দ্রিক আয়োজন থাকলেও বর্তমানে সারাদেশের সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) দেশজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে।
দিবসটির মূল কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ন্যাবের সভাপতি জাহানারা পারভীনের সভাপতিত্বে এই সভায় দেশের নার্সিং খাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং পেশাগত মানোন্নয়নে ভবিষ্যতের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।
স্বাস্থ্যসেবায় নার্সদের অসামান্য অবদান এবং তাদের অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে সারা দেশে নার্সিং সমাজ আজ এই উৎসবমুখর দিনটি পালন করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নার্সদের যথাযথ ক্ষমতায়নই দেশের স্বাস্থ্য খাতের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করতে পারে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









