আসন্ন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে জমে উঠেছে প্রস্তুতি। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ যেন এখন এক রঙিন উৎসবমুখর প্রাঙ্গণ। সকাল থেকেই চারুকলার আঙিনায় ঘুরে দেখা যায় ব্যস্ততার চিত্র। নানা রঙ, তুলির আঁচড় আর সৃজনশীলতার ছোঁয়ায় তৈরি হচ্ছে মুখোশ, পটচিত্র, আর ঐতিহ্যবাহী আলপনা।

শিক্ষার্থীরা কেউ রঙ মিশাচ্ছেন, কেউ তুলিতে আঁকছেন বাংলার লোকজ সংস্কৃতির প্রতিচ্ছবি। কারো হাতে বিশালাকৃতির মুখোশ। আবার কেউ ব্যস্ত মঙ্গল শোভাযাত্রার প্রতীকী শিল্পকর্ম তৈরিতে। বর্ষবরণের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রাকে ঘিরেই চলছে এই সব আয়োজন।

শিক্ষার্থীরা জানান, শুধু উৎসব নয় এই আয়োজন তাদের কাছে এক ধরনের দায়িত্ব, যেখানে তারা তুলে ধরতে চান বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্য। প্রতিবছরের মতো এবারও শোভাযাত্রায় ফুটে উঠবে বাঙালির ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা দিক।


চারুকলার এই প্রাণচঞ্চল পরিবেশ যেন জানান দিচ্ছে পহেলা বৈশাখ আর খুব বেশি দূরে নয়। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত পুরো দেশ। রঙে, সুরে আর উৎসবের আনন্দে ভরে উঠবে চারপাশ।