গতকাল রাজধানীর বেইলি রোডে শিশুদের আনন্দঘন এক আয়োজনে সপরিবারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতি মঞ্চে মঞ্চস্থ হওয়া শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ উপভোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান।


প্রধানমন্ত্রীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই মিলনায়তনে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। শিশু, দর্শক ও অভিভাবকদের করতালিতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শিশু শিল্পীদের উৎসাহ দিতেই এই আয়োজন উপভোগ করতে আসেন প্রধানমন্ত্রী।


নাটক শেষে শিশু শিল্পীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি এবং অংশ নেন ফটোসেশনে। এতে শিশুদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। শিকড় চিলড্রেন থিয়েটারের প্রযোজনায় ‘কবি চিতাবাঘ নাটকটি মঞ্চস্থ হয়। নওশিন আফসানা বৃষ্টির গল্পে নাট্যরূপ দিয়েছেন তপু চন্দ্র দাস।