দেশজুড়ে তীব্র গরমে জনজীবন এখন বিপর্যস্ত। দিনের পর দিন বাড়তে থাকা তাপমাত্রায় অস্বস্তি ছড়িয়ে পড়েছে সর্বত্র। ভ্যাপসা গরম আর আর্দ্রতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হয়ে উঠেছে কঠিন ও ক্লান্তিকর। সকাল থেকেই গরমের তীব্রতা অনুভূত হচ্ছে রাজধানী জুড়ে। সূর্যের তাপ যত বাড়ছে, ততই অসহনীয় হয়ে উঠছে পরিবেশ।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় ঘাম ও অস্বস্তি আরও বেড়েছে, তাই বাইরে বের হলে শরীর যেন ঝলসে যাওয়ার মতো অনুভূতি হচ্ছে। দৈনন্দিন কাজে বের হওয়া মানুষজন পড়ছেন চরম দুর্ভোগে। রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে অফিসগামী সবাইকে অতিরিক্ত কষ্ট সহ্য করতে হচ্ছে তীব্র গরমে।


বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুকি বাড়ার সম্ভাবনা রয়েচে অনেকবেশী। তাই পর্যাপ্ত পানি পান করা, অপ্রয়োজনে রোদে না যাওয়া এবং হালকা খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন তারা । আবহাওয়াবিদরা বলছেন, এই তাপপ্রবাহ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তীব্র গরমে তাই সতর্কতা ও সচেতনতা অবলম্বন করা এখন অত্যন্ত জরুরি।