রাজধানীতে চাঁদাবাজি যেন এক আতঙ্কের নাম। কিশোর গ্যাং থেকে শুরু করে রাজনৈতিক দলের কেউ নাহ কেউ জড়িত আছে এই চাঁদাবাজির সাথে। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাতজনকে আটক করেছে র‌্যাব।


আটকদের মধ্যে রয়েছেন চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈন ও তার ছয় সহযোগী। তাদের আটকের কথা আজ সোমবার,১৩ই এপ্রিল সকালে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং। আটক অন্যরা হলেন মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন, কাজী, মো. ফালান ও রুবেল। র‌্যাব জানায়, গত ১০ এপ্রিল সিকেডি হাসপাতালে একদল দুষ্কৃতকারী ও চাঁদাবাজ এসে চাঁদা দাবি করে এবং হাসপাতালের সামনে মব সৃষ্টির চেষ্টা করে।


ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই। এরই ধারাবাহিকতায় উক্ত ঘটনা আমলে নিয়ে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে র‍্যাব অভিযান শুরু করে।


নড়াইল থেকে মূল হোতা মঈন উদ্দিন মঈনকে আটক করা হয়। সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ গত ১১ এপ্রিল বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন।