তীব্র গরমে জ্বালানি সংকট: রাজধানীসহ সারাদেশে পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তিতে চালকরা

রাজধানীসহ সারাদেশে তীব্র গরমের মধ্যেই দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন চালকরা। কোথাও কোথাও এই লাইনের দৈর্ঘ্য এক থেকে দেড় কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। যদিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলছে, দেশে তেলের কোনো সংকট নেই তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।
রাজধানীর বিভিন্ন পেট্রোলপাম্পে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে অপেক্ষমাণ গাড়ির সারি। এতে একদিকে যেমন চালকদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে সড়কে তৈরি হচ্ছে অতিরিক্ত যানজট। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, তেলের জন্য অপেক্ষমাণ গাড়ির লাইন পাম্পের আঙিনা ছাড়িয়ে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে গেছে। তেল নিতে আসা যাত্রীরা জানান, “যেখানে তেল পাওয়া যায়, সেখানেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, ঈদের পর থেকেই তেলের লাইনে ভিড় বাড়তে শুরু করেছে।
একই চিত্র দেখা গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাতে। দিন-রাত সমানভাবে পেট্রোলপাম্পগুলোতে ভিড় থাকায় ক্লান্ত হয়ে পড়ছেন চালকরা। অনেককে সড়কের পাশে বসে বিশ্রাম নিতে দেখা গেছে। এছাড়াও জ্বালানি সংকট ঘিরে দেশের বিভিন্ন জেলায় ঘটছে অপ্রীতিকর ঘটনা। এদিকে বিভিন্ন জায়গায় তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা সড়ক অবরোধ করলে সৃষ্টি হয় তীব্র যানজট। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবার কিছু জায়গাই লাইনে না দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করায় আটক করা হচ্ছে যাত্রীদের। আবার লাইনের শৃঙ্খলা ভাঙাকে কেন্দ্র করে মারধরের ঘটনাও ঘটেছে অনেক যায়গায়। আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর সীমিত পরিমাণ তেল পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাইকাররা। অন্যদিকে অনেক যায়গায় ফিলিং স্টেশন দীর্ঘদিন বন্ধ থাকায় তেল সংকটে ভুগছেন স্থানীয়রা। পাম্প চালুর দাবিতে মানববন্ধনও করেছেন এলাকাবাসী।
সব মিলিয়ে, তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এমন দাবি থাকলেও ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের প্রশ্ন, বাস্তবে কবে মিলবে এই সংকটের সমাধান?

নাজমুল গাজী
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









