সাংগ্রাই উৎসবে পাহাড়ে উৎসবের আমেজ, জলকেলিতে আনন্দে ভাসছে মারমারা।

Bandarban-Prime Tv Correspondent
বান্দরবানে উৎসবের আমেজ সাংগ্রাই ঘিরে জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা। পাহাড়জুড়ে এখন সাজ সাজ রব, আর এই আয়োজন দেখতে ভিড় জমাচ্ছে হাজারো পাহাড়ী ও বাঙালি দর্শনার্থী।
বিগত বছরের পাপাচার ও গ্লানি ধুয়ে মুছে ফেলার প্রতীকী আয়োজন হিসেবে রাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। এখানে মারমা তরুণ-তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন। সঙ্গে চলে তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা নৃত্য ও পালা গান।
১৩ এপ্রিল শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া সাংগ্রাই উৎসব ১৪ এপ্রিল বৌদ্ধমূর্তি স্নানের মধ্য দিয়ে পায় আনুষ্ঠানিক রূপ। শহরের উজানীপাড়ায় সাঙ্গু নদীর তীরে ধর্মীয় এই আয়োজন ঘিরে বৌদ্ধ জাদিগুলোতে চলে পূজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা।
পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে সপ্তাহব্যাপী নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন মারমাসহ অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠী। কর্মসূচির মধ্যে রয়েছে সমবেত প্রার্থনা, দুই দিনব্যাপী জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধমূর্তি স্নান, হাজারো প্রদীপ প্রজ্জ্বলন এবং ঐতিহ্যবাহী নৃত্য-গান।
জলকেলি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন সাচিংপ্রু জেরী এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস ও পুলিশ সুপার আবদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উৎসব ঘিরে রাজার মাঠে মানুষের ঢল নামে। পাহাড়ি-বাঙালির মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।
উল্লেখ্য, প্রতিবছর বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম তিন দিন ধরে মারমা সম্প্রদায় এই ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উদযাপন করে আসছে। চলতি বছরের জলকেলি ও সাংস্কৃতিক আয়োজন ১৫ ও ১৬ এপ্রিল বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সবশেষে, উৎসবের আনন্দ আর ঐতিহ্যের রঙে রঙিন হয়ে ওঠা বান্দরবান যেন এক মিলনমেলার প্রতিচ্ছবি।

বান্দরবান প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









